
নিজস্ব প্রতিবেদক:জুয়েল মিয়া
রাজপথের সাহসী কণ্ঠস্বর ও মানবাধিকার আন্দোলনের সক্রিয় মুখ এ্যাডভোকেট জেসমিন জাহানকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে দেখতে চায় বিভিন্ন রাজনৈতিক মহল। তৃণমূল থেকে শুরু করে নাগরিক সমাজের একাংশ মনে করছেন, তার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও জনসম্পৃক্ততা জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারীর অধিকার, ন্যায়বিচার এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কারণে তিনি ইতোমধ্যেই জনমনে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। বিভিন্ন সামাজিক ও আইনি ইস্যুতে তার দৃঢ় অবস্থান তাকে সাধারণ মানুষের আস্থার জায়গায় নিয়ে গেছে।
দলীয় সূত্রে জানা যায়, সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় তার নাম আলোচনায় রয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে জোর আলোচনা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে এমপি হিসেবে দেখতে চেয়ে সমর্থকদের নানা পোস্ট ও প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। অনেকে মনে করছেন, সংসদে তার উপস্থিতি নারীর ক্ষমতায়ন ও আইনি সংস্কার প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলবে।
এ বিষয়ে এ্যাডভোকেট জেসমিন জাহান বলেন, “আমি সবসময় মানুষের জন্য কাজ করেছি এবং করে যাবো। দল ও জনগণ যদি দায়িত্ব দেয়, তবে তা নিষ্ঠার সঙ্গে পালন করবো।”
এখন দেখার বিষয়, দলীয় সিদ্ধান্তে শেষ পর্যন্ত সংরক্ষিত নারী আসনে তার মনোনয়ন চূড়ান্ত হয় কি না।

