
মোঃ ছলিম উল্লাহ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিকেল ৪টার দিকে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক, গফরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য আনসারুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনসারুল ইসলামের নেতৃত্বে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে গফরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অংশ নেন।
পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আরেকটি র্যালি বের হয়ে মধ্যবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গফরগাঁও উপজেলার উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অপশক্তিকে মোকাবিলা করতে হবে এবং মাদকমুক্ত উপজেলা গঠনে যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে গফরগাঁও উপজেলা যুবদলের সভাপতি সরদার মুহাম্মদ খুররম, যুবদল নেতা দিদারুল ইসলাম দিদার, হাসানুজ্জামান নয়ন ও তানজিম হাসানসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বক্তব্য দেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক এবং বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম আনসার উদ্দিন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

