বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

জুয়লে আহম্মেদ চাঁদঃ
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হবে। যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালনের জন্য বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বেগম খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম এবং ডাকনাম পুতুল। তাঁর বাবা ইস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীতে হলেও শৈশবে তিনি জলপাইগুড়িতে বোনের বাসায় থেকে পড়াশোনা করেন। পরবর্তী সময়ে পরিবারসহ দিনাজপুর শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে একটি মিশনারি স্কুল ও পরে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি।
১৯৬০ সালে পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন তিনি।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির নেতৃত্বে আসেন খালেদা জিয়া।
১৯৮৩ সালে তাঁর নেতৃত্বে বিএনপি সাতদলীয় জোট গঠন করে তৎকালীন এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কারণে রাজনৈতিক অঙ্গনে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন।
১৯৯১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে আরও দুই মেয়াদে প্রধানমন্ত্রী হন তিনি। ওয়ান-ইলেভেনের পর ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তিনি কারাবন্দি হন। এরপর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাগারে পাঠানো হয় তাঁকে।
জীবনের শেষদিকে নানা শারীরিক জটিলতায় ভুগে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন।
তাঁর জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করা হচ্ছে। দলীয় নেতাকর্মীরা প্রয়াত নেত্রীর রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য তাঁর দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং দেশের রাজনীতিতে তাঁর অবদানের কথা স্মরণ করছেন।
👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই ধরনের আরও সংবাদ

