
ঘিওর প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্য গুদাম সংলগ্ন ব্রিজের নির্মাণকাজের নির্ধারিত সময়সীমা শেষ হলেও এখনো ব্রিজটির অ্যাপ্রোচ নির্মাণ সম্পন্ন হয়নি। দুই পাশে মাটি সরে গিয়ে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজের দুই পাশের অ্যাপ্রোচে মাটি না থাকায় যানবাহন ও পথচারী চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ঝুঁকিপূর্ণ অবস্থায় ব্রিজ পারাপারের কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের নির্দেশনায় ব্রিজের দুই পাশে সরে যাওয়া মাটি ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘিওর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান কুদরতের নেতৃত্বে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা গেছে।
তবে স্থানীয়দের দাবি, শুধু মাটি ভরাট করে এ সমস্যার স্থায়ী সমাধান হবে না। ব্রিজের দুই পাশে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে টেকসই অ্যাপ্রোচ নির্মাণ করতে হবে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত মানুষ ও শিক্ষার্থী চলাচল করেন। ব্রিজের দুই পাশের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগেই স্থায়ী সমাধান করা জরুরি।”
স্থানীয়দের প্রশ্ন, নির্মাণকাজের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও ব্রিজের গুরুত্বপূর্ণ অংশের কাজ অসম্পূর্ণ থাকলে প্রকল্পের অগ্রগতি ও কাজের মান তদারকি করছে কে?
এ বিষয়ে ঘিওর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, ব্রিজের অ্যাপ্রোচের মাটি সরে যাওয়ার বিষয়টি তারা অবগত আছেন। বর্তমানে প্রয়োজনীয় মাটি ভরাটের কাজ করা হচ্ছে। স্থায়ীভাবে সমস্যার সমাধানের জন্য ব্রিজের দুই পাশে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা ও আরসিসি কাজের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত অসম্পূর্ণ অ্যাপ্রোচ নির্মাণকাজ শেষ করে ব্রিজটি নিরাপদ ও চলাচলের উপযোগী করা হোক। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ার কারণ খতিয়ে দেখে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

