
পঞ্চগড় জেলা প্রতিনিধি, সঞ্জু বনিক সৌরভ:
পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ইজিবাইক চালিয়ে যাত্রী পরিবহন করছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, পঞ্চগড় থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক বোদা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি নাজিরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালকসহ চারজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার পর ট্রাকটি পেছনে নেওয়ার সময় চালক আবারও ইজিবাইক ও চালকের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক শহিদুল ইসলাম মারা যান। আহত তিন যাত্রীকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শতাধিক যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অবরোধ তুলে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পুলিশ অভিযান চালিয়ে পঞ্চগড় ট্রাক টার্মিনাল এলাকা থেকে দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্রাকটি জব্দ করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
ঘটনার বিষয়ে বোদা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ট্রাকচালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

