
পঞ্চগড় জেলা প্রতিনিধি,সঞ্জু বনিক সৌরভঃ
পঞ্চগড়, ১২ আগস্ট ২০২৬: খাল খনন ও পুনঃখনন প্রকল্পের কাজ নির্ধারিতভাবে সম্পন্ন করে বরাদ্দের অব্যয়িত প্রায় ১২ লাখ ৪২ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেয়েছেন পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।
আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বাকডোকরা খাল খনন প্রকল্পের কাজ শেষে ৯ লাখ ৩৯ হাজার ১৯১ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। প্রকল্পটির মোট বরাদ্দ ছিল ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা। প্রকল্পটি বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা রীপা মনি দেবী সার্বিকভাবে তদারকি করেন।
অন্যদিকে পঞ্চগড় সদর উপজেলার রজলী টাংগন ব্রিজ থেকে রজলীপাড়া এলাকা পর্যন্ত ৬৩০ মিটার খাল পুনঃখনন এবং ৬০ মিটার নতুন সংযোগ খাল খনন করা হয়েছে। সব মিলিয়ে ৬৯০ মিটার খালের কাজ শেষ করার পর অব্যয়িত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়। এ প্রকল্পের মোট বরাদ্দ ছিল ৩৮ লাখ টাকা। প্রকল্পটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়।
দুই প্রকল্পে মোট প্রায় ১২ লাখ ৪২ হাজার টাকা অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রীপা মনি দেবী জানান, গত ৮ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের ৮৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পঞ্চগড় জেলা থেকে তিনি ও পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আটোয়ারীর বাকডোকরা খাল খনন প্রকল্পের দুই পাশে সবুজ ঘাস লাগানোর বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। ভবিষ্যতে এ ধরনের খাল খনন প্রকল্পে খালের দুই পাশে সবুজায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য উপস্থিত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, সরকারি অর্থ জনগণের সম্পদ। প্রয়োজনীয় কাজ শেষে অব্যয়িত অর্থ নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। উন্নয়নের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে।
সরকারি অর্থের সঠিক ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পাওয়া তাঁদের জন্য অনুপ্রেরণার বিষয় বলেও জানান তিনি। এ ধরনের উৎসাহ ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও জনকল্যাণমূলক কাজে আগ্রহ বাড়াবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

