
পঞ্চগড় জেলা প্রতিনিধি,সঞ্জু বনিক সৌরভ:
পঞ্চগড়, ১১ আগস্ট ২০২৬: জনস্বার্থে পঞ্চগড় সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না রিং দুয়ারী জাল জব্দ এবং তালমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হাড়িভাসা হাটে পরিচালিত মোবাইল কোর্টে একটি দোকান থেকে আনুমানিক ৪০টি কারেন্ট জাল ও একটি চায়না রিং দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা নিষিদ্ধ জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। নিষিদ্ধ জাল বিক্রির অপরাধে সংশ্লিষ্ট বিক্রেতাকে জরিমানাও করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পঞ্চগড় সদর থানা পুলিশের সদস্যরা।
অন্যদিকে একই দিনে পঞ্চগড় সদর উপজেলার পূর্ব তুলারডাঙ্গা এলাকায় তালমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পুলিশের সহযোগিতায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এ সময় তালমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনরত নৌকাগুলোর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন ও নিষিদ্ধ জাল ব্যবহার-বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

