
মোঃ নাঈম হোসেন
নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মাদক সেবনের সময় হাতেনাতে আটক তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার সিএনজি স্ট্যান্ডসংলগ্ন সড়কে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। আদালতের রায়ে মোহনগঞ্জ উপজেলার সেখুপুর গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে সুজন মিয়া (৩৬) এবং সামাইকোনা গ্রামের রইছ মিয়ার ছেলে রাজন মিয়া (৩২)-কে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা সদর এলাকার কাজিম উদ্দিন আহমেদের ছেলে রিয়াজুল আহমেদ (১৮)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তিনজনের প্রত্যেককে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, দণ্ডপ্রাপ্তদের রায় কার্যকরের লক্ষ্যে সোমবার রাতেই নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

