
পঞ্চগড় জেলা প্রতিনিধি,সঞ্জু বনিক সৌরভ:
পঞ্চগড়, ১১ আগস্ট ২০২৬: পঞ্চগড়ে একই রোগীর এসজিপিটি (SGPT) পরীক্ষার রিপোর্ট তিনটি প্রতিষ্ঠানে তিন ধরনের আসায় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টের নির্ভুলতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে পঞ্চগড়ের সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেছেন সাইদুজ্জামান রেজা নামে এক রোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে সাইদুজ্জামান রেজার এসজিপিটি পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার ফলাফল আসে ১২৭ ইউ/এল। পরে চিকিৎসকের পরামর্শে একই দিন তিনি মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে একই পরীক্ষা করান। সেখানে তার এসজিপিটির ফলাফল দেওয়া হয় ২৬.৭ ইউ/এল।
দুটি রিপোর্টের ফলাফলে উল্লেখযোগ্য পার্থক্য দেখতে পেয়ে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। এরপর পরদিন ১০ আগস্ট পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পুনরায় এসজিপিটি পরীক্ষা করানো হলে সেখানে ফলাফল আসে ১২১ ইউ/এল।
একই রোগীর তিনটি প্রতিষ্ঠানে করা পরীক্ষার ফলাফলের মধ্যে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টে বড় ধরনের পার্থক্য থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে সাইদুজ্জামান রেজা মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ এনে পঞ্চগড়ের সিভিল সার্জনের কাছে লিখিত আবেদন করেন।
অভিযোগের বিষয়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সৈয়দা নাসরিন মিনু বলেন, তাদের প্রতিষ্ঠানের দেওয়া রিপোর্টে কোনো ভুল নেই।
এদিকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই রোগীর তিনটি প্রতিষ্ঠানের এসজিপিটি পরীক্ষার ফলাফলের মধ্যে মেডিকেয়ারের রিপোর্টটি প্রাথমিকভাবে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে বলেও জানান তিনি।
তবে পরীক্ষার ফলাফলে এমন পার্থক্যের প্রকৃত কারণ কী, কিংবা কোথাও পরীক্ষাগত বা কারিগরি ত্রুটি হয়েছিল কি না তা তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

