
মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে মাদকের কড়াল গ্রাস থেকে তরুণ সমাজ ও কোমলমতি শিক্ষার্থীদের বাঁচাতে একাট্টা হয়েছে পুরো গ্রামবাসী। মাদকের ভয়াল বিস্তার রুখতে সামাজিক প্রতিরোধ, একঘর করা এমনকি মাদক কারবারিদের বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মতো কঠোর বার্তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের ভেকু মার্কেট এলাকায় ‘তারুণ্যের ঐক্য ফাউন্ডেশন’-এর উদ্যোগে শ্রীপুর-গফরগাঁও আঞ্চলিক সড়কে ঘণ্টাব্যাপী এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দল-মত নির্বিশেষে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি ও সর্বস্তরের শত শত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা আজ ক্যান্সারের চেয়েও দ্রুত ছড়াচ্ছে, যা কেবল একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এখন থেকে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হবে।
তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের সভাপতি মো. মারুফ হোসেন বলেন, “স্কুলের কোমলমতি শিক্ষার্থীরাও আজ মাদকের ঝুঁকিতে। এলাকায় আর কাউকে মাদক ব্যবসা বা সেবন করতে দেওয়া হবে না। প্রয়োজনে তাদের একঘর করা হবে।”
বিএনপি নেতা আতাউর রহমান আতা ও এমদাদ হোসেন মণ্ডল বলেন,”মাদক ছাড়তে হবে, নয়তো এলাকা ছাড়তে হবে। এরপরও কেউ ব্যবসা চালালে তার হাত-পা ভেঙে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে এবং বসতবাড়ি ভেঙে এলাকাছাড়া করা হবে।”
মোবাশ্বের জুয়েল বলেন,”ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আমরা এক সারিতে দাঁড়িয়েছি। অপরাধীদের বিরুদ্ধে কঠোর সামাজিক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।”
মানববন্ধনে স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড সদস্য জসিম উদ্দিন দাদন মীর ও সংরক্ষিত নারী সদস্য পারভীন আক্তার নিশিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে এই সামাজিক আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

