
মোঃ বাবু শেখ, বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার ধামরাই সদর ভূমি অফিসে সরেজমিনে গিয়ে দায়িত্বে অবহেলা, সরকারি নথির নিরাপত্তাহীনতা এবং বহিরাগতদের মাধ্যমে অফিসের কার্যক্রম পরিচালনার অভিযোগের চিত্র দেখা গেছে। এ ঘটনায় স্থানীয় সেবাগ্রহীতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।
সরেজমিনে দেখা যায়, সহকারী ভূমি কর্মকর্তা সুখরঞ্জন রায় অফিসে উপস্থিত ছিলেন না। একই সময়ে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী ভূমি কর্মকর্তাকেও অফিসে পাওয়া যায়নি। এ সুযোগে অফিসের রেকর্ড রুম খোলা অবস্থায় ছিল এবং সেখানে দুইজন বহিরাগত ব্যক্তি সরকারি রেকর্ডপত্র নিয়ে লেখালেখি ও বিভিন্ন কাজ করতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বহিরাগত কয়েকজন ব্যক্তি ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তার করে আসছেন। তাদের মধ্যে হাসেম, জুয়েল, সুমন ও সোহেল নামে কয়েকজনকে ঘিরে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা অফিসের বিভিন্ন কাজে মধ্যস্থতা করেন এবং সাধারণ মানুষকে তাদের মাধ্যমে কাজ করতে বাধ্য করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সরকারের পক্ষ থেকে ভূমি অফিসকে দালালমুক্ত রাখতে বিভিন্ন সময় নির্দেশনা দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
কয়েক ঘণ্টা পর সহকারী ভূমি কর্মকর্তা সুখরঞ্জন রায় অফিসে এলে বহিরাগতদের মাধ্যমে অফিস পরিচালনা এবং সরকারি নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “মন্ত্রীর কথা শুনলে অফিস বন্ধ করে দিতে হবে।” তার এমন বক্তব্য নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এদিকে রেকর্ড রুম খোলা রেখে বাইরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। সচেতন মহলের প্রশ্ন, এভাবে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র অরক্ষিত অবস্থায় থাকলে সেগুলো হারিয়ে গেলে, চুরি হলে বা নষ্ট হলে এর দায়ভার কে নেবে?
এ বিষয়ে বক্তব্য জানতে ধামরাই সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, ধামরাই সদর ভূমি অফিসে বহিরাগতদের হস্তক্ষেপ, দায়িত্বে অবহেলা এবং সরকারি নথির নিরাপত্তাহীনতার অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের দালালমুক্ত সেবা নিশ্চিত করার নির্দেশনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

