
মোঃ নাঈম হোসেন
নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে আগামীকাল শুক্রবার তার নির্বাচনী এলাকা সফরে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (এমপি)।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য। অপরদিকে, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঢাকা-৯ আসনের সংসদ সদস্য। তার পূর্বপুরুষের বাড়ি মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামে হওয়ায় এ সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রথমে দুই প্রতিমন্ত্রী মদন উপজেলার উচিতপুর ঘাট এলাকায় পথসভায় অংশ নেবেন এবং সেখানে হাওরের জলাশয়ে পোনামাছ অবমুক্ত করবেন। এরপর খালিয়াজুরী উপজেলার বিভিন্ন স্থানে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর তারা মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ট্রলারঘাট এলাকায় পথসভা করবেন এবং সেখানেও পোনামাছ অবমুক্ত করবেন। সফরের শেষ পর্যায়ে তারা মোহনগঞ্জ রেলস্টেশন পরিদর্শন করে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
এদিকে, দুই প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে পথসভা, গণসংযোগ এবং হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন বলেন, “ভাটি বাংলার সিংহপুরুষ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ভাইয়ের আমন্ত্রণে আগামীকাল শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ আমাদের এলাকায় আসছেন। তাদের বরণ করে নিতে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

