
মো:নাঈম হোসেন
মোহনগঞ্জ ( নেত্রকোণা )প্রতিনিধি:
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় চলতি বছরের জুন মাসজুড়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২১ জন মাদকসেবী ও মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশের অভিযানে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তারের পর মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব সাজা প্রদান করেন।
সোমবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন— শেখ মুজিবর রহমান, হারুন অর রশিদ, পলাশ মিয়া, সাফায়েত উল্লাহ, রিপন খান, নবাব মিয়া, কাজল মিয়া, পরিমল রবি দাস, জগবন্ধু চন্দ্র দাস, লেলিন সরকার, সানোয়ার হোসেন, মহন হাসান, আরমান মিয়া, শহিদুল হক, রুকন মিয়া, নজরুল ইসলাম, তুষার মিয়া, কাউসার আহম্মেদ, জহিরুল ইসলাম, মাসুম মিয়া এবং সাকিব খান পাঠান অঙ্কন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে কাজল মিয়া সর্বোচ্চ পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড পেয়েছেন। এছাড়া জগবন্ধু চন্দ্র দাস চার মাস, পরিমল রবি দাস, লেলিন সরকার ও সাকিব খান পাঠান অঙ্কন তিন মাস, মাসুম মিয়া ও জহিরুল ইসলাম এক মাসের কারাদণ্ডে দণ্ডিত হন। অপরাধের ধরন অনুযায়ী অন্যদের তিন দিন থেকে ২০ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া পলাশ মিয়াকে ১৫ দিনের কারাদণ্ডের পাশাপাশি ৩৫ হাজার টাকা অর্থদণ্ড এবং লেলিন সরকারকে তিন মাসের কারাদণ্ডের পাশাপাশি ৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

