
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড়ের তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় শনিবার (২৭ জুন) সকালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে একটি হোটেলকে জরিমানা করা হয়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে শাপলা হোটেল নামের একটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াজাতকরণের প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে টয়লেটের সম্মুখে এবং আসবাবপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন করার স্থানে খাবার প্রস্তুত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় তেঁতুলিয়া বাজারের সকল হোটেল ও রেস্তোরাঁ মালিককে স্বাস্থ্যসম্মত উপায়ে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খাবার প্রস্তুত ও পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় ও অনুমোদিত লাইসেন্স সংরক্ষণ এবং ক্রেতাদের সুবিধার্থে হোটেলের দৃশ্যমান স্থানে খাবারের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

