
মোঃ গোলাম সরোয়ার প্রিন্স
জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরে ভাবকী গ্রামের গোয়ালবাড়ি এলাকায় হৃদয়বিদারক এক ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ ভোরে ৮ মাস বয়সী এক শিশুকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তারই গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে।
পরে পালানোর চেষ্টা করলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত নারী হুমায়ুন নামে এক ব্যক্তির স্ত্রী। নিহত শিশুটি তাদেরই ৮ মাস বয়সী সন্তান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর অভিযুক্ত নারী এলাকা থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে।
এলাকাবাসীর অভিযোগ, পরকীয়াজনিত সম্পর্কের জেরে অভিযুক্ত মা এমন নির্মম ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে এ বিষয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এমন নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

