
ধামরাইয়ে স্ত্রীর অধিকার দাবিতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর অনশন, বাড়িতে তালা দিয়ে পরিবারের পলায়ন
ধামরাই (ঢাকা): জাহিদ খান সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে স্ত্রীর অধিকার দাবিতে দুই দিন ধরে অনশন করছেন সাদিয়া আফরিন নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীরামপুর গ্রামের সাইফুল মেকানিক্সের ছেলে জুয়েল রানার সঙ্গে বৈবাহিক সম্পর্কের দাবি করে গত দুই দিন ধরে তার বাড়ির সামনে অনশন করছেন সাদিয়া আফরিন। অভিযোগ রয়েছে, বিষয়টি জানাজানি হওয়ার পর বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন।
অনশনরত সাদিয়া আফরিনের দাবি, জুয়েল রানার সঙ্গে তার বৈধ বিবাহ হয়েছে এবং স্ত্রী হিসেবে স্বীকৃতি ও অধিকার চাইতেই তিনি এই কর্মসূচি পালন করছেন। তিনি জানান, ন্যায্য অধিকার না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।
এদিকে, বাড়িতে তালা থাকায় জুয়েল রানা বা তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অনেকে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

