ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে টানা কয়েক দিন ধরে উত্তাল হয়ে উঠেছে দেশের প্রধান পোশাকশিল্পাঞ্চল। মঙ্গলবার (১৭ নভেম্বর) গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশ, শ্রমিক, সাংবাদিক ও সাধারণ পথচারীসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। কয়েকটি স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও কারখানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিভিন্ন শিল্পাঞ্চলে বিজিবি মোতায়েনসহ নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।
অন্যদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর থেকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কার্যকরের বিষয়ে তারা একমত হয়েছেন। সে অনুযায়ী, ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে জানুয়ারিতে নতুন কাঠামোর বর্ধিত মজুরি পাওয়ার কথা রয়েছে শ্রমিকদের।
তবে মজুরি বোর্ডের এ সিদ্ধান্তের পরও শ্রমিকদের কাজে না ফেরার পরিস্থিতি অব্যাহত থাকলে ‘নো ওয়ার্ক, নো পে’ বা ‘কাজ নেই, বেতন নেই’ নীতি অনুসরণের হুঁশিয়ারি দিয়েছে কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার নতুন মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিকরা কাজে যোগ না দিলে এবং কারখানায় নাশকতা ও বিশৃঙ্খলা চলতে থাকলে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে।
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় ও আশুলিয়ার নিশ্চিন্তপুরসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি গাড়ি ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সংঘর্ষের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কর্মজীবী মানুষ, দূরপাল্লার যাত্রী ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কয়েকটি দলে বিভক্ত হয়ে পদ্মার মোড়, হেমায়েতপুর বাসস্ট্যান্ড ও আশপাশের বিভিন্ন স্থানে অবস্থান নেন। হেমায়েতপুর সিংহের সড়কের বিভিন্ন স্থানে কাঠের টুকরো ফেলে আগুন জ্বালানোর ঘটনাও ঘটে। এ সময় হেলমেট ও মুখোশ পরা লাঠি হাতে কয়েকজনকে দেখা যায়। তারা শ্রমিক নাকি বহিরাগত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, পুলিশ সদস্য, পোশাকশ্রমিক, সাংবাদিক ও পথচারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে পাঁচ সাংবাদিক রয়েছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শিল্পাঞ্চলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাভার ও আশুলিয়ায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শ্রমিক অসন্তোষের কারণে ইতোমধ্যে শতাধিক পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
টানা ছয় দিনের শ্রমিক আন্দোলনে গাজীপুরের শিল্পাঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালেও মহানগরীর গাছা, বড়বাড়ী, বোর্ডবাজার ও আশপাশের এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন। সকাল সাড়ে ৯টার দিকে কয়েক হাজার শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সাড়ে ৯টার দিকে গাছা থানা এলাকায় দুই থেকে চার হাজার শ্রমিক সড়কে নেমে আসেন। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুর এলাকাতেও শ্রমিকরা অবস্থান নিয়েছিলেন। তাদেরও সরিয়ে দেওয়া হয়েছে। সালনা, রাজেন্দ্রপুর, শফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কাশিমপুর এলাকায় কিছুটা উত্তেজনা থাকায় পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
শ্রমিক অসন্তোষ মোকাবিলায় গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, আনসার ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মোট ২৫ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে বিজিবির ১২ প্লাটুন, আনসারের পাঁচ প্লাটুন এবং এসআরবির আট প্লাটুন সদস্য রয়েছেন।
পরিস্থিতি বিবেচনায় আগে মোতায়েন করা বিজিবির ১১ প্লাটুন বাড়িয়ে ১২ প্লাটুন করা হয়েছে। শিল্পাঞ্চলের কারখানা, রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার সকালে নেতাকর্মীদের নিয়ে কাশিমপুর, কোনাবাড়ী, ভোগড়া বাইপাস ও চন্দনা চৌরাস্তা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেন। এ সময় তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
এদিকে শ্রমিক আন্দোলনের মধ্যে ভিডিও ধারণকে কেন্দ্র করে মারধরের শিকার পোশাকশ্রমিক তৌফিক হোসেনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার মৃত্যুর ঘটনায় শ্রমিকদের মধ্যে নতুন করে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে লায়লা স্টাইলস লিমিটেড কারখানায় কাজ করতেন।
তার বড় ভাই হারুন মিয়ার অভিযোগ, কারখানা ভাঙচুর করতে আসা আন্দোলনকারীর পরিচয় দেওয়া দুই ব্যক্তি তৌফিককে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই রক্তবমি শুরু করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তৌফিকের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গায়েবানা জানাজার আয়োজন করা হয়। জানাজাকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সহযোগী সংগঠনের ২০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শ্রমিক অসন্তোষের জেরে টানা তৃতীয় দিনের মতো সড়কে নেমেছেন ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশে কুতুবাইল কাঠেরপুল এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
একপর্যায়ে শ্রমিকরা মূল সড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, শ্রমিকরা মূল সড়কে ওঠার চেষ্টা করলে তাদের মজুরি বোর্ড গঠন এবং সিদ্ধান্ত আসার বিষয়টি জানিয়ে নিবৃত করার চেষ্টা করা হয়। কিন্তু তারা কথা না শোনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। কোনোভাবেই সড়ক দখল করে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না। এ ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শ্রমিকরা জড়ো হওয়ার পর তাদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে। একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
মেট্রো নিটিংয়ের এক শ্রমিক অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। এ সময় বিএনপির কয়েকজন নেতা এসে শ্রমিকদের মারধর করেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে স্থানীয় একটি হোসিয়ারি কারখানার ১৮ বছর বয়সী শ্রমিক জান্নাত অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার সহকর্মী নার্গিস জানান, পুলিশের সঙ্গে শ্রমিকদের ঝামেলা শুরু হওয়ার পর তাদের কারখানায় ছুটি ঘোষণা করা হয়। কারখানা থেকে বের হওয়ার পর তারা টিয়ার শেলের ধোঁয়ার মধ্যে পড়ে যান।
কালিয়াকৈরেও শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন এলাকার পোশাকশ্রমিকরা রাস্তায় নেমে আসেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর অংশে দীর্ঘ সময় যান চলাচল বিঘ্নিত হয়।
সড়কের বিভিন্ন স্থানে শ্রমিক ও সাধারণ মানুষের জমায়েত দেখা গেলেও বড় ধরনের ভাঙচুর বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। অনেক শ্রমিক সকালে কারখানায় প্রবেশ করলেও হাজিরা নিশ্চিত করার পর কাজে যোগ না দিয়ে বাসায় ফিরে যান। কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান শ্রমিকদের উদ্দেশে মাইকিং করে শান্ত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, কোনো কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করা, ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগ কিংবা যানবাহনে হামলার মতো ঘটনা যেন কেউ না ঘটান। সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
এদিকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে সহযোগিতা করেন। এতে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা কমে আসে।
গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে টঙ্গীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার।
অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সরকারের ছেলে বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আগামী ১ ডিসেম্বর থেকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কার্যকরের বিষয়ে একমত হওয়ার কথা জানিয়েছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বর মাস থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হলে শ্রমিকরা জানুয়ারি মাসে ডিসেম্বরের বেতনের সঙ্গে বর্ধিত মজুরি পাবেন। তবে শ্রমিকদের প্রধান দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অন্যায়ভাবে ছাঁটাই বন্ধ, কালো তালিকাভুক্তি বাতিল এবং আন্দোলনে অংশ নেওয়ার কারণে শ্রমিকদের হয়রানি না করা।
অন্যদিকে মালিকপক্ষ বলছে, মজুরি বোর্ডের মাধ্যমে দাবি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরও শ্রমিকরা কাজে যোগ না দিলে এবং কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা অব্যাহত থাকলে কঠোর অবস্থানে যেতে বাধ্য হবেন তারা।
বিজিএমইএর পক্ষ থেকে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা সাময়িক বন্ধ এবং ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি অনুসরণের কথা জানানো হয়েছে।
সব মিলিয়ে দেশের প্রধান পোশাকশিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ ঘিরে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে শ্রমিকদের ন্যায্য মজুরি ও চাকরির নিরাপত্তার দাবি, অন্যদিকে কারখানার উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্ন দুই পক্ষের অবস্থানের মধ্যে সমন্বয় না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, শ্রমিকদের দাবি, মালিকপক্ষের সক্ষমতা এবং সরকারের উদ্যোগের মধ্যে কার্যকর সমন্বয় করে দ্রুত গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো জরুরি। অন্যথায় দেশের তৈরি পোশাকশিল্পের উৎপাদন, রপ্তানি আয় ও সামগ্রিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সূত্র: দৈনিক ইনকিলাব।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জাহিদুর রহমান জাহিদ।। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com