
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি, যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মতিন মাস্টার এবং সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিস।
এছাড়া দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম ও সদস্য সচিব মোহাম্মদ আব্দুস সালাম বক্তব্য দেন।
বক্তারা বলেন, বিগত সময়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে গুম, হত্যা, দমন-পীড়ন ও গণতন্ত্র হত্যার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ তুলে ধরে তাঁকে দেশে ফিরিয়ে এনে আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করার দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নামে নতুন করে কোনো কর্মসূচি বা অবরোধের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিকে নিজের হাতে আইন তুলে না নিয়ে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেন।
বিক্ষোভ মিছিলে দৌলতপুর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জাহিদুর রহমান জাহিদ।। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com