পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড় | ৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট নিরসন, লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ১০ দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা জামায়াতের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা বায়তুল মাল সেক্রেটারি মনিরুল ইসলাম, বোদা উপজেলা কর্মপরিষদ সদস্য সফিউল্লাহ সুফি, পঞ্চগড় পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন, জেলা তালবিয়াত সেক্রেটারি শাহীদ আল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শাহরিয়ার আলম বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ এবং খেলাফত মজলিসের হাফেজ মীর মোর্শেদ তুহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১০ দফা দাবির মধ্যে রয়েছে—গ্যাস সংকট নিরসনে কার্যকর ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ, দেশব্যাপী লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার।
এছাড়া অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিল তদন্ত করে সংশোধন, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের প্রতিকার নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার তদারকি জোরদার এবং মজুতদারি, সিন্ডিকেট, কালোবাজারি ও বাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
জ্বালানি ও বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় ও অনিয়মের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা, নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণের দাবিও তুলে ধরা হয়।
পাশাপাশি জনগণের অর্থে পরিচালিত সেবা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা এবং দেশের অর্থনৈতিক ও জনজীবনের সংকট মোকাবিলায় রাজনৈতিক দল, অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি ও নাগরিক সমাজের অংশগ্রহণে জাতীয় সংলাপের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
বিক্ষোভ শেষে ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জাহিদুর রহমান জাহিদ।।
নির্বাহী পরিচালক: মোঃ মাসুদ রানা। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com