নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সাভারের পাকিজা ট্রাফিক চেকপোস্টে মোটরসাইকেল আরোহীদের হয়রানির অভিযোগ উঠেছে। বৈধ কাগজপত্র থাকার পরও মামলা দেওয়ার ভয় দেখানো, অযৌক্তিকভাবে অর্থ দাবি এবং বিভিন্ন ধরনের ভোগান্তির অভিযোগে চালকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সম্প্রতি এমনই অভিযোগ করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মচারী মো. সোহেল। তার দাবি, সোমবার দুপুর আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে অফিস শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পাকিজা ট্রাফিক চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা তার মোটরসাইকেল থামান। পরে তাকে ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়।
সোহেলের অভিযোগ, তার মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশনসহ সকল প্রয়োজনীয় কাগজপত্র বৈধ ও হালনাগাদ থাকা সত্ত্বেও তাকে বিভিন্ন মামলার ভয় দেখানো হয়। একপর্যায়ে তাকে রেকার বিল দেওয়ার কথাও বলা হয়।
ভুক্তভোগী জানান, তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে জানতে চান, সব কাগজপত্র ঠিক থাকার পরও কেন তাকে রেকার বিল দিতে হবে। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে তিনি ২০০ টাকা দিতে চাইলে তার হাত থেকে ৫০০ টাকার একটি নোট নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন। পরে তার মোটরসাইকেল ছেড়ে দেওয়া হয়।
সোহেল বলেন, “আমার বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ত্রুটি না থাকা সত্ত্বেও আমাকে হয়রানির শিকার হতে হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ পুলিশ বাহিনীর মধ্যে ইতিবাচক পরিবর্তনের আশা করেছিল। কিন্তু এ ধরনের ঘটনার কারণে সাধারণ মানুষের সেই প্রত্যাশা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমি নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
এদিকে স্থানীয় কয়েকজন মোটরসাইকেল চালকও অভিযোগ করেন, পাকিজা ট্রাফিক চেকপোস্টে প্রায়ই বিভিন্ন অজুহাতে যানবাহন থামিয়ে চালকদের ভোগান্তির মুখে ফেলা হয়। ফলে নিয়মিত যাতায়াতকারী চালকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেননি।
সচেতন মহল মনে করছে, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনা জরুরি।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জাহিদুর রহমান জাহিদ।। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com