বিশেষ প্রতিনিধি: জাহিদ খান
ঢাকার ধামরাইয়ে সাত বছরের এক শিশুকে চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রুবেল নামে এক যুবকের বিরুদ্ধে। তবে এক প্রতিবেশীর সাহসিকতা ও তৎপরতায় শিশুটি প্রাণে রক্ষা পেয়েছে। এই ঘটনায় অভিযুক্ত লম্পট রুবেলকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
গতকাল বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত রুবেল কুল্লা ইউনিয়নের দক্ষিণ কুশিয়ারা গ্রামের শাহজাহানের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক এবং মাদকাসক্ত বলে জানা গেছে।
ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা:
ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত রুবেল চানাচুর কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে ফুসলিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালালে সে চিৎকার শুরু করে। শিশুটির চিৎকারে পাশের বাড়ির এক নারী ও তার শ্বশুর দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসলে লম্পট রুবেলের হাত থেকে শিশুটি রক্ষা পায়।
৯৯৯-এ কল ও গণধোলাই:
এদিকে ঘটনার টের পেয়ে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত রুবেলকে ধরে গণধোলাই দেয়। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে তাকে ধামরাই থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আইনি ব্যবস্থা:
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জিয়া।।
ব্যাবস্থাপনা পরিচালকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ।।
নির্বাহী পরিচালক: মোঃ মাসুদ রানা। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com